আবারও হামলা হলে নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে নতুন কৌশল ও আধুনিক অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, সম্ভাব্য যেকোনো আগ্রাসনের জবাবে নতুন ফ্রন্ট খুলতে প্রস্তুত রয়েছে ইরান।
মঙ্গলবার (১৯ মে) ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ তার এই বক্তব্য প্রকাশ করে। এর আগে তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারে এক জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জেনারেল আক্রমিনিয়া বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অবরুদ্ধ বা পরাজিত করা সম্ভব নয়।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি আবারও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে ইসরায়েলের ফাঁদে পা দেয় এবং আমাদের প্রিয় ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন চালায়, তাহলে আমরা নতুন পদ্ধতি ও নতুন অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলব।”
ইরানি এই সামরিক কর্মকর্তা আরও বলেন, যুদ্ধবিরতি চলমান থাকলেও তেহরান এটিকে যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবেই বিবেচনা করছে। তার ভাষায়, এই সময়কে সামরিক সক্ষমতা আরও জোরদারের সুযোগ হিসেবে কাজে লাগানো হচ্ছে।
হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব তুলে ধরে আক্রমিনিয়া বলেন, ওই নৌপথের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না।
তিনি আরও বলেন, শত্রুপক্ষের জন্য একমাত্র পথ হলো ইরানি জাতির প্রতি সম্মান দেখানো এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈধ অধিকার মেনে নেওয়া।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে।
তেহরান জানিয়েছে, অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না।
সূত্র: প্রেস টিভি
ভিওডি বাংলা/এমএস







