জমির বিরোধে সংঘর্ষ, ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১৮ মে) লক্ষ্মীপুর ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সুমন ও মো. জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী। তারা সম্পর্কে চাচাতো ভাই। আহত সাকিব রিদয় বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, নিহতদের পরিবারের সঙ্গে তাদের চাচা রেজাউল করিমের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সুমন ও ইয়াছিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ইয়াছিন আলী ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় রেজাউল করিমের ছেলে রাব্বি মোল্লা ও রাহাত মোল্লাসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতদের পরিবার।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের আটকে অভিযান চলছে।
ভিওডি বাংলা/আ স ম জাকারিয়া/এফএ







