১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে তালিকা পাঠিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (১৬ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে ৮ সদস্য গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট নিয়মিত সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়া প্রতিরোধে কাজ করছে।
চলতি মাসের ১ তারিখ থেকে পরিচালিত সাইবার পেট্রোলিংয়ে জুয়ার সাথে সংশ্লিষ্ট ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বিটিআরসিতে তালিকা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট ৮৭৯টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট এবং ৪৩টি ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ)-তে তথ্য পাঠানো হয়েছে।
সিআইডির এই কর্মকর্তা জানান, অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম বন্ধে নিয়মিত সাইবার মনিটরিং চলমান রয়েছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।
ভিওডি বাংলা/এমআই/এমএস







