৫৫ মোবাইল ফোন উদ্ধার
বিমানবন্দরে অজ্ঞান পার্টির মূলহোতা আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূলহোতা মো. তাজুল ইসলামকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ৫৫টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ মে) এপিবিএন সূত্র জানায়, শনিবার (১৬ মে) আরাফাত হোসেন (১৮) তার খালাতো ভাইকে বিদায় জানাতে বিমানবন্দরে যান। বিদায় শেষে ডিপার্চার এলাকায় অবস্থানের সময় তাজুল ইসলাম তার সঙ্গে সখ্য গড়ে তুলে কফি পান করান। পরে কফির সঙ্গে মেশানো চেতনানাশক ওষুধের প্রভাবে আরাফাত অজ্ঞান হয়ে পড়েন।
ঘটনার পর এপিবিএন সদস্যরা তাজুল ইসলামকে আটক করে তার দেহ ও ব্যাগ তল্লাশি চালান। এ সময় ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যাগ থেকে প্রায় ১৫ পিস চেতনানাশক ট্যাবলেটও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাজুল ইসলাম জানান, তারা বাস ও রেলস্টেশনে যাত্রীদের টার্গেট করে প্রথমে ঘনিষ্ঠতা তৈরি করতেন। পরে চা, কফি বা কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে মালামাল হাতিয়ে নিতেন। সন্দেহ এড়াতে কখনও অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির অভিনয়ও করতেন তারা।
আসামির দেওয়া তথ্যে পরে রাজধানীর দারুসসালাম এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালায় এপিবিএনের একটি দল। সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ৫৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১০টি এয়ারবাড, ১৫টি হাতঘড়ি, চেতনানাশক ট্যাবলেট ও পুরিয়া, নগদ ২ লাখ ২৩ হাজার টাকা, সৌদি রিয়াল ও তুরস্কের মুদ্রাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরাফাত হোসেন বাদী হয়ে ১৭ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টি, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এফএ







