• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমাদের দেশ গড়ার কাজ চলতে থাকবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৬ মে ২০২৬, ০৫:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণই হচ্ছে আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ গড়ার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে।’

তিনি বলেছেন, ‘আজ থেকে আমাদের কাজ হবে একটাই—সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে।’

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। খাল খননকাজের উদ্বোধন শেষে সমাবেশ মঞ্চে উঠতেই খালের দুই পাশে কয়েক হাজার নেতাকর্মী-সমর্থক তুমুল স্লোগান ও করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল পুনঃখননের এই অনুষ্ঠান। আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি, কী প্রতিজ্ঞা? সেটা হচ্ছে—দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।’

তিনি বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরিফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদের সাহায্য করে, আমি তাকে সাহায্য করি। এই খাল (খোর্দ্দ খাল) যদি খনন না করি কৃষক ভাইয়েরা পানি পাবে না। কাজেই খাল খনন করলে কৃষক ভাইয়েরা পানি পাবে। একইভাবে আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো।’

বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের আগে জনগণের সামনে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, আগামীতে সব প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করব।’

বিএনপির শক্তির উৎস বাংলাদেশের জনগণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমরা যারা বিএনপি করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দল করেছি, আমরা সবাই বলি—জনগণই হচ্ছে আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ গড়ার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে।’

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এই খাল কাটা অনুষ্ঠানে আসুন, আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের শপথ হোক যে আমরা করব কাজ, সবার আগে বাংলাদেশ।’

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখননস্থলে পৌঁছে ফলক উন্মোচন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন, পরে খালের তীরে বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্যসচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহসভাপতি আবু ইউসুফ রুপম উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খোর্দ্দ খাল খনন করেছিলেন। ৪৮ বছর পর সেই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি করবে না সরকার: মির্জা ফখরুল
দেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি করবে না সরকার: মির্জা ফখরুল
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী