বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মৌনি রায়

মুম্বাইয়ে পাড়ি জমিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়। ভালোবেসে সুরাজ নাম্বিয়ারের সঙ্গে সংসার গড়েন তিনি। তবে কিছুদিন ধরেই তাদের দাম্পত্য জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন চলছে।
এ নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুলেছেন মৌনি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, বিয়ে নিয়ে মিথ্যা খবর প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বানও জানান এই অভিনেত্রী।

এর আগে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, মৌনি ও সুরাজ একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করেছেন। এছাড়া সুরাজ তার অ্যাকাউন্ট থেকে মৌনির সঙ্গে তোলা কয়েকটি ছবিও মুছে ফেলেছেন। যদিও পুরোনো কিছু ছবি এখনো দেখা যাচ্ছে। এরপর থেকেই বিচ্ছেদের আলোচনা আরও জোরালো হয়।
করোনা মহামারির সময় দুবাইয়ে অবস্থানকালে সুরাজ নাম্বিয়ারের সঙ্গে মৌনির ঘনিষ্ঠতা বাড়ে। পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘ আলোচনা-সমালোচনার পর ২০২২ সালের ১৭ জানুয়ারি বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মৌনির। পরে ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ সিনেমার একটি গানে পারফর্ম করে ব্যাপক পরিচিতি পান তিনি। এছাড়া ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘ব্ল্যাকআউট’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
সবশেষ তাকে দেখা গেছে ‘সালাকার’ সিরিজে। ফারুক কবির পরিচালিত থ্রিলারধর্মী এই সিরিজটি গত বছরের ৮ আগস্ট মুক্তি পায়।
ভিওডি বাংলা/আ







