• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনীতে যুবলীগ কর্মী খুন, ঘনিষ্ঠ ২ সহযোগী আটক

ফেনী প্রতিনিধি    ২৮ জুন ২০২৬, ০৪:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় যুবলীগ কর্মী জোবায়ের হোসেন পারভেজ হত্যা মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। পূর্ব বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের।

এর আগে সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টার বাড়ি এলাকা থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জোবায়ের হোসেন পারভেজ (৩২) ওই গ্রামের আবু তাহেরের ছেলে। আটক দুজন হলেন প্রধান অভিযুক্ত শাহাদাত ও তার সহযোগী মাইকেল।

পুলিশ জানায়, পারভেজের বিরুদ্ধে হত্যা, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। সর্বশেষ একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত মামুনের বিরুদ্ধেও মাদক ও চোরাচালানসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পারভেজ ও মামুন দীর্ঘ সময় ফেনী কারাগারে ছিলেন। সে সময় বিভিন্ন খরচ পারভেজ বহন করলেও মামুন কোনো অর্থ দেননি বলে জানা যায়। কারামুক্তির পর স্থানীয় একটি দোকান নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

নিহতের ছোট ভাই সাব্বির হাসান শীতল বলেন, ‌‘শুক্রবার (২৬ জুন) পারভেজ তার দোকানে কাজের জন্য শাহাদাত ও মামুনের এক ছোট ভাইকে প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মামুন তার ছোট ভাইকে মারধর করেন। পরে রাত ১২টার দিকে মোবাইল দেওয়ার বিষয়টি নিয়ে পারভেজের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজের হাতে থাকা চার্জলাইটের আঘাতে মামুন আহত হন।’

নিহতের বাবা আবু তাহের জানান, রাত ২টার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে পাশের পুকুরসংলগ্ন এলাকায় ওত পেতে থাকা মামুন ও শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে সকালে স্থানীয়রা বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। আটকরা পারভেজের ঘনিষ্ঠ ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
‘তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ
ছবি: ভিওডি বাংলা
বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের যৌথ হামলা, আহত ১০
ছবি: ভিওডি বাংলা
সরকারি রাস্তায় স্থাপনা নির্মাণ, বন্ধ করল প্রশাসন