জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচ জিতে অন্তত হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ ছিল টাইগ্রেসদের সামনে। তবে সেটাও পারল না স্বাগতিকরা। সিরিজের শেষ ম্যাচে জয়ের জাগিয়েও শেষ পর্যন্ত হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ শনিবার (২ মে) শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগেই বাগড়া দেয় বৃষ্টি। তবে বৃষ্টি থামার পর শেষ পর্যন্ত খেলা গড়ায় ৯ ওভারে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানান জ্যোতি।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বড় পুঁজি তুলে নেয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেনে ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। তাতে ৩ রানে ম্যাচটি জিতে যায় সফরকারীরা। তাতে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের দল।
রানতাড়ায় নেমে শুরুতেই বিদায় নেন দিলারা আক্তার। ৫ বলে ৯ রান করে ফেরেন তিনি। এরপর জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি মিলে ২০ বলে ৩০ রান যোগ করেন। ৪৩ রানের মাথায় বিদায় নেন জুয়াইরিয়া। ১১ বলে ১৫ রান করেন তিনি। তবে দারুণ খেলতে থাকা সোবহানাও কিছুক্ষণ পর প্যাভিলিয়নের পথ ধরেন। ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২১ রান করে বিদায় নেন এই ব্যাটার।
এরপর স্বর্ণা আক্তার (৪) ও ঋতু মনিও (৩) এসেই বিদায় নেন। তবে তখনও জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। শেষ ছয় বলে টাইগ্রেসদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। নবম ওভারে বোলিংয়ে আসেন লঙ্কান কাপ্তান আথাপাথুথু। প্রথম বলেই টাইগার দলপতি জ্যোতির উইকেট তুলে নেন তিনি। ক্যাচ দিয়ে ৯ বলে ১৩ রান করে বিদায় নেন তিনি। এরপর ক্রিজে আসেন বল হাতে ঝলক দেখানো অলরাউন্ডার সুলতানা। প্রথম তিন বলে দুটি ডাবল ও এক চারের মারে ৮ রান নিয়ে জয়ের আশা জাগান তিনি।
শেষ দুই বলে জয়ের জন্য দরকার ছিল ৬ রান। পঞ্চম বলে একটি সিঙ্গেল নিয়ে শারমিন সুলতানাকে স্ট্রাইক দেন তিনি। শেষ বলে দরকার ছিল ৫ রান। তবে শারমিন এক রানের বেশি নিতে পারেননি৷ তাতে ৩ রানের সামান্য ব্যবধানে পরাজয় নিশ্চিত হয় টাইগ্রেসদের।
এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক চামারি আথাপাথুথু। ওপেনিংয়ে নেমে ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার ইমেশা দুলানি ১০ বলে ৪ চারের মারে ১৯ রান করেন। এছাড়া শেষদিকে ৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৫ রানের ক্যামিও খেলেন কাভিশা দিলহারি।
বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সুলতানা খাতুন। ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন এই অফস্পিনার। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ১৬ রান খরচায় একটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা নারী দল : ৮৭/৬ (৯ ওভার)
বাংলাদেশ নারী দল : ৮৪/৬ (৯ ওভার)
ফলাফল : শ্রীলঙ্কা নারী দল ৩ রানে জয়ী







