গুজরাত দাঙ্গা
আমৃত্যু আইনি লড়াই চালান যে নারী

ভিওডি বাংলা রিপোর্ট
ভারতের গুজরাটে ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় যে ঘটনাগুলো সবথেকে বীভৎস বলে মনে করা হয়, তারই অন্যতম 'গুলবার্গ সোসাইটি গণহত্যা'। আহমেদাবাদের গুলবার্গ আবাসিক এলাকায় কংগ্রেস দলের সংসদ সদস্য এহসান জাফরিসহ ৬৯ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল।
এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি ওই ঘটনার পর থেকে প্রায় দুই দশক ধরে আইনি লড়াই চালিয়েছেন। গত শনিবার মারা গেছেন মিসেস জাফরি।
গুলবার্গ সোসাইটির গণহত্যা মামলায় মিসেস জাফরি ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তদের মধ্যে অন্যতম ছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাকিয়া জাফরির আবেদনের ভিত্তিতেই ভারতের সুপ্রিম কোর্ট বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল।
মিসেস জাফরির পুত্র তনভির জাফরি বিবিসিকে বলেছেন, "বয়স-জনিত কারণে অসুস্থ ছিলেন মা। আমার বোন নিসরিনের কাছেই থাকছিলেন তিনি। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বাড়িতেই ডাক্তার ডেকে আনা হয়, তবে বেলা ১১.৩০ নাগাদ মাকে মৃত ঘোষণা করা হয়।"
তথ্যসুত্র: বিবিসি







