• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালির রাজধানী ঘিরে ফেলছে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মে ২০২৬, ০৯:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোকে ঘিরে ফেলছে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। সাম্প্রতিক এক হামলায় রাজধানীগামী খাদ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জেএনআইএমের যোদ্ধারা বামাকো থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেনিয়ারোবা কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়েছে। সম্প্রতি নির্মিত এ কারাগারটি ‘আফ্রিকার আলকাট্রাজ’ নামে পরিচিত।

কারাগারটিতে প্রায় আড়াই হাজার বন্দি রয়েছে। এর মধ্যে অন্তত ৭২ জনকে মালির সরকার ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দি’ হিসেবে চিহ্নিত করেছে। সেখানে জেএনআইএম সদস্যদের পাশাপাশি তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী সংগঠন আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের সদস্যরাও আটক রয়েছেন।

মালির সেনাবাহিনী হামলা প্রতিহত করার চেষ্টা করছে। গত ২৫ ও ২৬ এপ্রিল জেএনআইএম ও তুয়ারেগ বিদ্রোহীরা যৌথভাবে দেশটির কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকাও। একই সময়ে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কিদাল দখল করে নেয় বিদ্রোহীরা।

এই হামলাগুলো মালির সামরিক সরকারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এক হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা ও তার পরিবারের সদস্যরা নিহত হন। পরে সামরিক সরকারের প্রধান আসিমি গইতা নিজেই প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

সহিংসতায় অন্তত আরও ২৩ জন নিহত হয়েছেন। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তা, আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে। সরকারের অভিযোগ, তারা আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন।

এএফপির তথ্যমতে, বিরোধী ব্যক্তিত্ব মাউন্টাগা তাল, ইউসুফ দাবা দিয়াওয়ারা ও মুসা জিরেকে অপহরণ করা হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। আইনজীবী মাউন্টাগা তালকে গত ২ মে বামাকো থেকে মুখোশধারীরা আটক করে। তার বিরুদ্ধে বিদেশে বসে সামরিক সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও অপহরণের গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে।

এদিকে জেএনআইএম দেশটির জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংগঠনটি ইসলামি আইন চালু এবং রাজধানী বামাকো অবরোধের ঘোষণা দিয়েছে। শুক্রবার থেকে শহরের আশপাশে বিভিন্ন চেকপোস্ট বসিয়েছে তারা।

বিশ্লেষকদের আশঙ্কা, চলমান অবরোধ মানবিক সংকটে রূপ নিতে পারে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যবাহী ট্রাক আটকে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে শুধু বামাকো নয়, পুরো মালিজুড়ে খাদ্য সংকটের শঙ্কা দেখা দিয়েছে।

মফতি অঞ্চলের দিয়াফারাবে গ্রামের মেয়র দ্রুত খাদ্যসংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে মানুষ অনাহারে মারা যেতে পারে।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক : মমতা
আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক : মমতা
শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
ইরান রাজি হলে যুদ্ধ শেষ, না হলে আরও ভয়াবহ হামলা: ট্রাম্প
ইরান রাজি হলে যুদ্ধ শেষ, না হলে আরও ভয়াবহ হামলা: ট্রাম্প