স্থায়ী নিয়োগের দাবি
নগর ভবনের সামনে বিক্ষোভ আরবান হেলথ কর্মীদের

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (UPHSDP)-এর অধীন স্বাস্থ্যকর্মীদের চাকরি পুনর্বহাল এবং নতুন প্রকল্পের আওতায় স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আরবান হেলথ কেয়ারের কর্মীরা।
বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর গুলিস্তানে নগরভবনের সামনে জড়ো হয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে স্বাস্থ্যকর্মীরা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত তাদের দাবির বাস্তবায়ন চান।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা প্রকল্পভিত্তিক ও চুক্তিভিত্তিক চাকরিতে কাজ করে আসছেন, ফলে চাকরির কোনো স্থায়িত্ব নেই। এতে তাদের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে চরম উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে।
তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে—চলমান প্রকল্পের আওতায় কর্মরতদের চাকরি পুনর্বহাল, নতুন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি এবং স্থায়ী নিয়োগ প্রদান। তারা বলেন, “মেয়াদকালীন বা চুক্তিভিত্তিক নয়, আমরা স্থায়ী চাকরি চাই। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে আমাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভকারীরা আরও বলেন, সরকার শুধু অবকাঠামো উন্নয়নে জোর দিলেই হবে না, সেই সেবা পরিচালনাকারী দক্ষ জনবলকেও সমান গুরুত্ব দিতে হবে। “স্বাস্থ্যকর্মীদের বাঁচাও, নগর স্বাস্থ্যসেবা বাঁচাও”—এই স্লোগানে তারা তাদের অবস্থান তুলে ধরেন।
কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের কর্মসংস্থান সুরক্ষিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন এসব কর্মীরা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়া এবং নতুন প্রকল্পে অনিশ্চয়তার কারণে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ভিওডি বাংলা/খতিব/আ







