প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী জুলাই থেকে নতুন একটি সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ উদ্যোগের আওতায় প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা পাবে।
বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে প্রায় এক লাখ শিক্ষার্থীর জন্য এসব সামগ্রী সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া গেছে দেশের তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে অনেক বড় ব্যবসায়ী গোষ্ঠীও এই উদ্যোগে যুক্ত হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, সরকারের পরিকল্পনা হলো এই কর্মসূচিকে প্রথমে পাইলট আকারে বাস্তবায়ন করা এবং সফলতা মূল্যায়নের পর আগামী অর্থবছরে এটিকে আরও বড় পরিসরে সম্প্রসারণ করা। ভবিষ্যতে দেশের প্রতিটি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
বৈঠকে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অনেক উদ্যোক্তা ইতোমধ্যে এই কর্মসূচিতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সহযোগিতায় শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে সরকারের উদ্যোগ আরও কার্যকর হবে।
তিনি জানান, ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য নির্ধারিত একরঙা ইউনিফর্ম, ব্যাগ ও জুতা বিতরণ করা হবে। এতে সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে একটি অভিন্নতা তৈরি হবে এবং শিক্ষার পরিবেশ আরও শৃঙ্খলাপূর্ণ হবে।
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই এবং মিড-ডে মিল সুবিধা পাচ্ছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পোশাক ও আনুষঙ্গিক খরচ সম্পূর্ণভাবে কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যদিকে, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান জানান, তাদের প্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নিতে আগ্রহী। প্রাথমিকভাবে স্কুলব্যাগ ও জুতা সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয় পর্যায়ে বৈদ্যুতিক পরিবহন সুবিধা দেওয়ার বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ভিওডি বাংলা/জা







