অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই

জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। দীর্ঘদিন খাদ্যনালির ক্যানসার-এ ভোগার পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক আটটার দিকে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তার খাদ্যনালিতে ক্যানসার শনাক্ত হয়। তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে চিকিৎসকেরা জানান। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন এবং একাধিক কেমোথেরাপি গ্রহণ করেন।
অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তিনি খাবার গ্রহণ করতে পারছিলেন না, প্রায়ই বমি হতো এবং তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন।
চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করা হলেও শয্যা না পাওয়ায় তা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে পরিবারটি সরকার ও সহকর্মীদের সহযোগিতা কামনা করেছিল। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান।
ছোট পর্দা ও চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তারিকুজ্জামান তপন বিশেষ করে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন।
ভিওডি বাংলা/আ







