জুলাই স্বরণে মাসব্যাপী কর্মসূচি এনসিপির

দেশ গঠনে ‘জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, ঐতিহাসিক ও রক্তস্নাত জুলাই আমাদের মাঝে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে ফিরে আসে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতেই মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—রায়েরবাজার বধ্যভূমিতে বীর শহীদদের কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনসমূহের সংহতি সভা, উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা, দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন, ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’, নারী সমাবেশ এবং কৃষক, শ্রমিক, যুব ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন। এ ছাড়া শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ এবং বিজয় উদ্যাপনসহ নানা কর্মসূচি এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ নামে একটি পূর্ণাঙ্গ উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এমপিকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এ ছাড়া কমিটির অন্যান্য নেতারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
ভিওডি বাংলা/আরআই/এমএস








মন্তব্য