• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পেশাগত কাজে বাধা, বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০৭:৪৫ পি.এম.
বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিনোদন সাংবাদিকরা। ছবি: ভিওডি বাংলা
বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিনোদন সাংবাদিকরা। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিনোদন বিটে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা। 

রোববার (২৮ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সঙ্গে হুমকি ও অশোভন আচরণের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতি শুধু সাংবাদিকদের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং গণমাধ্যমের স্বাধীন পেশাগত কার্যক্রমেও বাধা সৃষ্টি করছে।

কর্মসূচি থেকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএফডিসিতে সংবাদ সংগ্রহ কার্যক্রম থেকে বিরত থাকবেন সাংবাদিকরা।

পরে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক লিখিত অভিযোগ জমা দেন সাংবাদিক প্রতিনিধিরা।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিএফডিসিতে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এ সময় ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে কিছু ব্যক্তি সাংবাদিকদের গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে সাংবাদিকদের স্বাভাবিক দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

লিখিত অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি বিএফডিসিতে সাংবাদিকদের অবাধ প্রবেশ ও নিরাপদে সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সাংবাদিকরা আরও দাবি করেন, শুধুমাত্র সরকার অনুমোদিত গণমাধ্যম প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশের অনুমতি দেওয়া উচিত। একই সঙ্গে অনিবন্ধিত ব্যক্তি, ইউটিউবার ও বিভিন্ন কনটেন্ট নির্মাতাদের অনিয়ন্ত্রিত প্রবেশ সীমিত করার আহ্বানও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএফডিসি দেশের চলচ্চিত্র শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তারা।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/জা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থতা ও আর্থিক সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া। ছবি: সংগৃহীত। ছবি: সংগৃহীত
অর্থকষ্টে চিকিৎসাহীন কাঙালিনী সুফিয়া
ছবি: সংগৃহীত
নতুন সদস্য অন্তর্ভুক্তির ঘোষণা দিল বাচসাস
ফাইল ছবি
চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি