• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জ্বালানি সংকট, জবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস

জবি প্রতিনিধি    ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পি.এম.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবন: ছবি-ভিওডি বাংলা

বৈশ্বিক জ্বালানি সংকট এবং সরকারের ব্যয় সংকোচন নীতিমালাকে সামনে রেখে সপ্তাহে এক দিন অনলাইনে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

বুধবার (২২ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় জানানো হয়, আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক কাজও অনলাইনে সম্পন্ন করা হবে। জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করা এবং পরিবহন ব্যয় কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি। তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা, পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি অব্যাহত রাখা। সেই ভারসাম্য বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন পরিবহন খাতে জ্বালানি ব্যয়ের বর্তমান চিত্র উপস্থাপন করেন। তিনি জানান, সপ্তাহে অন্তত একদিন পরিবহন কার্যক্রম সীমিত বা বন্ধ রাখা গেলে বিশ্ববিদ্যালয়ের জ্বালানি ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব হবে।

তার মতে, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে ব্যয় কমাতে এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, অনলাইন ক্লাস পরিচালনার ক্ষেত্রে বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট শিক্ষকরা বিশেষ নির্দেশনা অনুসরণ করবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো ধরনের ঘাটতি না হয়, সে বিষয়ে প্রতিটি বিভাগকে মনোযোগী থাকতে বলা হয়েছে।

একাডেমিক কাউন্সিলের এ বিশেষ সভায় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা
পাসের হার ৩০ শতাংশ, উত্তীর্ণ ৩৮ হাজার শিক্ষার্থী
গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ: পাসের হার ৩০ শতাংশ, উত্তীর্ণ ৩৮ হাজার শিক্ষার্থী
চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ উদযাপন
চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পহেলা বৈশাখ উদযাপন