টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন হাজারো আবাসিক শিক্ষার্থী। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দুই ছাত্রী হলের শিক্ষার্থীরা, যেখানে সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, টানা বর্ষণের কারণে বিভিন্ন আবাসিক হল ও গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। এর ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আশপাশে কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমেছে। বিদ্যুৎ না থাকায় দুই হলের আবাসিক শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের সহ সভাপতি (ভিপি) তাসনিম আক্তার আলিফ নাবিলা বলেন, 'হলে সকাল থেকেই বিদ্যুৎ নেই৷ মোবাইলের চার্জও শেষের দিকে। আজ যদি আবার দু-তিন ঘণ্টা বৃষ্টি হয় তাহলে নিচতলার রুমগুলোতেও পানি উঠে যাবে।'
একই হলের আবাসিক শিক্ষার্থী ফারজানা রহমান নদী বলেন, 'পুরো হলে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে হলের দোকানগুলো বন্ধ, খাবারের সংকট আছে। হল থেকে যে বের হয়ে কারও বাসায় যাব সে পরিস্থিতিও নেই, হলের সামনের সড়কে কোমর সমান পানি। খুব অসুবিধায় আছি।'
এদিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের মাঠ ও অভ্যন্তরীণ সড়কেও ব্যাপক জলাবদ্ধতা দেখা গেছে। শহীদুল্লাহ্ হলের নিচতলার কক্ষগুলোর বারান্দা পর্যন্ত পানি উঠে গেছে।
হলটির আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ আবরার বলেন, 'হলের মাঠে বুক পর্যন্ত পানি উঠে গেছে। আরও কিছুক্ষণ বৃষ্টি হলে নিচতলার কক্ষগুলোতে পানি প্রবেশ করবে। ক্যান্টিন চালু আছে তবে খাবার ভবনে এনে সরবরাহ করা হচ্ছে।'
শুধু আবাসিক হলই নয়, মুক্তি ও গণতন্ত্র তোরণ, ভিসি চত্বর, গণিত ভবন, কার্জন হল এবং পলাশী এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের চলাচল ও দৈনন্দিন কার্যক্রমে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য