‘ভিউ বাণিজ্য শিল্পকে ধ্বংস করছে’: মামুনুর রশীদ

নাট্যজন মামুনুর রশীদ বলেছেন, “ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি। একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে। আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না। প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি।”
জনপ্রিয় অভিনেতা, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদ-এর ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে “আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়” শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মামুনুর রশীদ আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও অসংকোচে নিজেকে প্রকাশ করার সুযোগ বাংলাদেশের শিল্পীরা পুরোপুরি পাননি। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে বিকশিত দেশগুলোতে শিল্পীরা স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করতে পারেন, কিন্তু সেই সুযোগ এখানে সীমিত।
তিনি আরও বলেন, তৌকির আহমেদসহ তার সমসাময়িক শিল্পীরা অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলেছেন। তার মতে, “তৌকির আহমেদের মতো আরও শিল্পী যত বেশি তৈরি হবেন, ততই দেশের সাংস্কৃতিক অঙ্গনের মর্যাদা বাড়বে।”
সেমিনারে আরও বক্তব্য দেন আবুল হায়াত, আফজাল হোসেন, আজিজুল হাকিম, মীর সাব্বির এবং দীপা খন্দকার প্রমুখ।
অনুষ্ঠান উপলক্ষে তৌকির আহমেদের চলচ্চিত্র নিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মঞ্চনাটক নিয়ে নাট্যকার মাসুম রেজা এবং টেলিভিশন কর্ম নিয়ে রুম্মান রশীদ খান লেখা উপস্থাপন করেন।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির মূল হলে তৌকির আহমেদের চলচ্চিত্র “অজ্ঞাতনামা” প্রদর্শিত হবে। এছাড়া সন্ধ্যায় তার নির্দেশিত ও অভিনীত মঞ্চনাটক “তীর্থযাত্রী” মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
ভিওডি বাংলা/আ







