সংরক্ষিত নারী আসন
শেষ দিনে বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার চলছে

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে শেষ দিনের দলটির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শুরু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়ে চলমান রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীরা এতে অংশ নিচ্ছেন। বিকেল থেকে পর্যায়ক্রমে প্রার্থীদের ডেকে তাদের সঙ্গে সরাসরি কথা বলছে মনোনয়ন বোর্ড।
সাক্ষাৎকারে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত আছেন।
বিএনপির সংশ্লিষ্টরা বলছেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যোগ্যতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও রাজনৈতিক অভিজ্ঞতা যাচাইয়ের অংশ হিসেবে এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার প্রক্রিয়া শেষ হওয়ার পরই মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/সবুজ/এমএস







