• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাশেদ প্রধানের বাসায় হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পি.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাগপা সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসভবনে পুলিশের উপস্থিতিতে ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার ঘটনারও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার কার্যালয় ও বাসভবনে এ ধরনের হামলা অনভিপ্রেত।

তিনি বলেন, আজ সকালে পুলিশের উপস্থিতিতে একদল সন্ত্রাসীর ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি রাশেদ প্রধানের দলীয় কার্যালয় ও বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে এই দুটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

একই সঙ্গে তিনি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা, তার বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ভিওডি বাংলা/সম্রাট/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক