• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পি.এম.
আদালতে ডিজিএফআই-এর সাবেক পরিচালক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শুক্রবার (১৭ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আফজাল নাছেরকে গ্রেপ্তার করে। পরদিন একই ঘটনায় দায়ের করা মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়।

পরবর্তীতে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ এপ্রিল তিন দিন, ৮ এপ্রিল আরও তিন দিন, ১২ এপ্রিল দুই দিন এবং ১৪ এপ্রিল তিন দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৫০০ থেকে ৭০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী লিজা মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
টিউলিপের বিচার শুরুর শুনানি ৬ মে
ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিচার শুরুর শুনানি ৬ মে
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত