গাজীপুরে তেলের গরমিল, ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের পুবাইলে মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফিলিং স্টেশনের নথিপত্রের সাথে তেলের গরমিল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবিব) এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি যৌথ আভিযানিকদল পুবাইল এলাকায় অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিশেষ অভিযান চালায়।
এ সময় উক্ত ফিলিং স্টেশনের সংরক্ষিত নথিপত্রের সঙ্গে সরেজমিনে মজুদকৃত জ্বালানি তেলের পরিমাণ যাচাই করে প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেলের গরমিল পরিলক্ষিত হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিক পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







