কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী কৃষক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আজ টাঙ্গাইল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফর ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, বিশেষ করে প্রান্তিক কৃষকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সফর উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো নতুন করে সাজানো হয়েছে এবং জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইলে দুটি হেলিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে। শহীদ মারুফ স্টেডিয়াম, পৌর উদ্যান এবং মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারসহ শহরের প্রধান সড়কগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সদস্যরা তৎপর রয়েছেন।
সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলে পৌঁছে প্রথমেই মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে তিনি কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠান শেষে পৌর উদ্যানে আয়োজিত কৃষিমেলার উদ্বোধন করবেন তিনি। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় জেলার কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি জানান, টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন এবং গোড়াই এলাকা থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পহেলা বৈশাখের দিনে টাঙ্গাইলের মতো ঐতিহ্যবাহী জেলায় এই কর্মসূচির উদ্বোধন হওয়াকে তিনি গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের ১ হাজার ৪৫৩ জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যে এই কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







