• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিজেদের কর্মকাণ্ডের কারণে পুলিশ ইমেজ সংকটে রয়েছে: সারজিস আলম

   ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পি.এম.
খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বক্তব্য দেন সারজিস আলম।

খুলনা প্রতিনিধি

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি এবং সেনাবাহিনী কিছুদিনের জন্য তাদের সহযোগিতা করতে কাজ করছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জনগণের প্রত্যাশা পূরণে পুলিশের ওপর আস্থা রাখার আশাবাদও ব্যক্ত করেন।

সারজিস আলম বলেন, জুলাই আগস্ট বিপ্লবে নিজেদের কর্মকাণ্ডের কারণে পুলিশ ইমেজ সংকটে রয়েছে। নিজেদের সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে। আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে।

তিনি বলেন, ‘পুলিশ চাইলে সবকিছু করা সম্ভব। তাদের প্রভাব মাঠপর্যায়ে সবচেয়ে বেশি। বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিনের জন্য সহযোগিতার জন্য এসেছে, আবার চলে যাবে। পুরো বাংলাদেশে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে আর কেউ সেটা পারে না। যাদের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি, তাদের কাছেই চাওয়াগুলো বেশি হয়। আমরা এখনো আপনাদের প্রতি আস্থা হারায়নি। আমরা আস্থাটা রাখতে চাই, পারব কিনা সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।’

সারজিস আলম বলেন, ‘বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ-আন্দোলনে নিহত শহীদদের হত্যাকারীদের বিচার করতে না পারা। গত ১৬ বছরে আমরা একটা স্বৈরাচার সিস্টেমকে চালু রাখতে সহযোগিতা করেছি, এ দায় আমাদের সকলের।’

তিনি বলেন, ‘প্রত্যেক জেলায় যে সব শহীদ পরিবার রয়েছে, আহত যোদ্ধারা রয়েছে-জেলা প্রশাসন এবং পুলিশসহ অন্যান্য স্টেক হোল্ডাররা মিলে যদি তাদের দায়িত্ব ভাগ করে নেয়, আমাদের জন্য তা সহজ হয়ে যায়। তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকরির ব্যবস্থা করি আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায়। আপনাদের অনুরোধ করব, আপনাদের কাজের মধ্য দিয়ে আপনারা তাদের পাশে থাকবেন। আমরা আপনাদের কথা দিতে চাই-জীবনের বিনিময়ে হলেও এই অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’

অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. হাসানুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তারিকুল ইসলাম, আশরফা খাতুন ও মো. ওয়াহিদুজ্জামান বক্তৃতা দেন। এতে স্বাগত বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে খুলনা বিভাগের ১০ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৮ শহীদ পরিবারের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ২ কোটি ৯০ লাখ টাকার চেক দেওয়া হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঘাটায় সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির বৈঠক
সাঘাটায় সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির বৈঠক
প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা
প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা
হাওরাঞ্চলে গোখাদ্য নিয়ে শঙ্কায় কৃষকরা
হাওরাঞ্চলে গোখাদ্য নিয়ে শঙ্কায় কৃষকরা