হোয়াইট হাউসের দায়িত্বে থেকেই মা হলেন ক্যারোলিন লেভিট

হোয়াইট হাউসের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। দায়িত্বে থাকা অবস্থায় দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে প্রথমবারের মতো এই নজির গড়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেভিট জানান, গত ১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। নবজাতকের নাম রাখা হয়েছে ভিভিয়ানা, আর ডাকনাম ভিভি।
পোস্টে মেয়েকে কোলে নেওয়া একটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে লিখেছেন, “ভিভি আমাদের পরিবারে এসেছে এবং মুহূর্তেই আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে।”
তিনি আরও জানান, নবজাতক পুরোপুরি সুস্থ রয়েছে। একইসঙ্গে বড় ছেলে নিকোলাস, যাকে পরিবারে নিকো নামে ডাকা হয়, নতুন ছোট বোনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
লেভিট লেখেন, “নবজাতককে ঘিরে জীবনের প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করছি।”
মাত্র ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট এর আগেও আলোচনায় এসেছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার সময় তিনি প্রথম সন্তান নিকোর জন্ম দেন।
গত ২৭ এপ্রিল ছিল তার সর্বশেষ হোয়াইট হাউস প্রেস ব্রিফিং। হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজ অনুষ্ঠানের বাইরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ ওঠার দুই দিন পর তিনি ওই ব্রিফিংয়ে অংশ নেন।
সেদিন সাংবাদিকদের উদ্দেশে লেভিট বলেছিলেন, পরিস্থিতির কারণে ব্রিফিং করা জরুরি ছিল। একইসঙ্গে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে এটিই হয়তো কিছু সময়ের জন্য তার শেষ ব্রিফিং হতে পারে বলেও রসিকতা করেন তিনি।
তার অনুপস্থিতিতে মঙ্গলবার হোয়াইট হাউসের ব্রিফিং পরিচালনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে লেভিট কতদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। পাশাপাশি এ পদে দায়িত্ব পালনকারী নারীদের মধ্যে তিনি অষ্টম।
এদিকে হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজ অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল মানসিক কৌশল প্রদর্শক ওজ পার্লম্যানের। তিনি দাবি করেন, গোলাগুলির ঘটনার ঠিক আগে লেভিটের মেয়ের নাম অনুমান করেছিলেন তিনি। তার ধারণা ছিল শিশুটির নাম হবে ভিভিয়ান।
অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স আগামী জুলাইয়ে তাদের চতুর্থ সন্তানের অপেক্ষায় রয়েছেন।
সূত্র: এনবিসি নিউজ
ভিওডি বাংলা/এমএস







