হরমুজে পাল্টাপাল্টি হামলা
চুক্তি স্বাক্ষর না হলে ভয়াবহ পরিণতির ইঙ্গিত ট্রাম্পের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পাল্টাপাল্টি হামলার ঘটনায়। তবে সংঘর্ষের খবরের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।
শুক্রবার (৮ মে) এবিসি নিউজকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে।”
সংঘর্ষের ঘটনাকে তিনি “হালকা ধাক্কা” হিসেবে উল্লেখ করেন। একইদিন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের হামলার মুখে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ পড়লেও সেগুলোর কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও দাবি করেন, পাল্টা জবাবে ইরানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
ট্রাম্প লেখেন, “ইরানের নৌযানগুলোকে খুব দ্রুত ও কার্যকরভাবে সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছে। আমাদের বিধ্বংসী জাহাজগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু সহজেই সেগুলো প্রতিহত করা হয়েছে।”
অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট ভিন্ন দাবি করেছে। তাদের ভাষ্য, বৃহৎ পরিসরের যৌথ সামরিক অভিযানে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি করা হয়েছে।
তারা আরও জানায়, তাদের ধারাবাহিক হামলার মুখে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।
ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, অভিযানে জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ওয়ারহেড সংযুক্ত ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্র সরাসরি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে নিক্ষেপ করা হয় বলেও জানিয়েছে তারা।
এদিকে বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করছি, খুব ভালোভাবে এগোচ্ছে।”
মার্কিন প্রেসিডেন্ট পুনরায় জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
তবে সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। তার ভাষায়, “আলোচনা খুব ভালো চলছে, কিন্তু তাদের বুঝতে হবে; যদি চুক্তি স্বাক্ষর না হয়, তাহলে তাদের অনেক কষ্ট ভোগ করতে হবে।”
ভিওডি বাংলা/এমএস







