সফট স্কিল প্রশিক্ষণ চালু করছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য আরও প্রস্তুত করতে স্বল্পমেয়াদি সফট স্কিল প্রশিক্ষণ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ এবং শিক্ষকেদের জন্য পৃথক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণও চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচির কাঠামো নির্ধারণে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এতে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নতুন প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সফট স্কিল, নৈতিকতা, মূল্যবোধ, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা এবং জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। তবে প্রশিক্ষণের বিষয়বস্তু নির্ধারণের আগে শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতি ও বাস্তব প্রয়োজন চিহ্নিত করতে একটি স্কিল গ্যাপ মূল্যায়ন পরিচালনা করা হবে।
ইউজিসি বলছে, এই মূল্যায়নের ভিত্তিতেই প্রশিক্ষণের বিষয়, কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করা হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারে।
সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, আগামী তিন মাসের মধ্যে সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে কোন বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন কিংবা প্রশিক্ষণের পরিধি কী হবে-সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তার ভাষ্য, শিক্ষার্থীদের কর্মদক্ষতা, নৈতিক চর্চা এবং বাস্তব জীবন ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সরকারের উচ্চশিক্ষা উন্নয়ন পরিকল্পনাকে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
শুধু শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দক্ষতা বাড়াতেও বিশেষ উদ্যোগ নিয়েছে ইউজিসি। আগামী মাস থেকেই উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য দুই দিনের ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ শুরু হতে পারে বলে সভায় জানানো হয়েছে।
এই কর্মসূচিতে কৌশলগত নেতৃত্ব, সুশাসন, বিশ্ববিদ্যালয় পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং উচ্চশিক্ষা প্রশাসনের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে।
ড. মামুন আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের সাবেক উপাচার্যদের এ কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে। তাঁদের অভিজ্ঞতা থেকে দেশের বিশ্ববিদ্যালয় প্রশাসকরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবেন। পাশাপাশি নিজেদের মধ্যেও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
সভায় আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের জন্য সাত দিনের একটি সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া দেশের উচ্চশিক্ষা খাতে দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে ইউজিসির কৌশলগত পরিকল্পনাও হালনাগাদ করা হচ্ছে। সরকারের অগ্রাধিকার, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ উচ্চশিক্ষার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতি মাসের মধ্যেই পরিকল্পনাটি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য