৪ বছর পর মুক্তি পেয়েও নিষিদ্ধ ঘোষণা

দীর্ঘ ৪ বছরের অপেক্ষা, সেন্সর বোর্ডের সঙ্গে লড়াই আর একের পর এক নাম পরিবর্তনের পর গত ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি-৫ এ মুক্তি পেয়েছিল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সতলুজ’। শিখ অধিকারকর্মী জশবন্ত সিং খালরার জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মাঝেই ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় দিলজিৎ দোসাঞ্জের ‘সতলুজ’। ছবিটির যাত্রাপথ বাস্তবের চেয়ে সিনেমার গল্পকেই যেন বেশি মনে করিয়ে দেয়। কোনো প্রচার ছাড়াই ওটিটি প্ল্যাটফর্ম জি-৫ গোপনে মুক্তি পায় এই সিনেমাটি। ৫ জুলাই প্ল্যাটফর্মটি থেকে সিনেমাটি হঠাৎ সরিয়ে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এর কিছু অংশ ভারতবিরোধী প্রচারণায় অপব্যবহার করা হতে পারে।

ভারতে প্রদর্শনী বন্ধ হলেও বিদেশে ‘সতলুজ’ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ভারতের বাইরে সিনেমাটি দেখার আগ্রহে জি-৫ এর মাসিক ডাউনলোড প্রায় ৩৭৪ শতাংশ বেড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয় ও পাঞ্জাবিরা সিনেমাটি দেখতে অ্যাপটি ডাউনলোড করছেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামেও এর পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়েছে।
ভারতের সেন্সর বোর্ড সিনেমাটিতে ১২৭টি পরিবর্তনের নির্দেশ দিলেও পরিচালক হানি ত্রেহান তা প্রত্যাখ্যান করেন। তার মতে, এত পরিবর্তন করলে সিনেমার মূল সত্যই নষ্ট হয়ে যেত। এ বিরোধের জেরেই ২০২৩ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকেও শেষ মুহূর্তে সিনেমাটি প্রত্যাহার করা হয়। আর ভারতে ওটিটিতে সিনেমাটি আবার কবে ফিরবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান জানায়নি জি-৫।
ভিওডি বাংলা/ তা








মন্তব্য