হরমুজ প্রণালিতে নৌ জোট গঠনে লন্ডনে শীর্ষ বৈঠকের উদ্যোগ
হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে একটি বহুজাতিক সামুদ্রিক জোট গঠনের লক্ষ্যে আগামী সপ্তাহে লন্ডনে উচ্চপর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইউরোপীয় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক নৌ-হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে এমন একটি সামুদ্রিক জোট গঠনের বিষয়ে আলোচনা হবে, যার মূল লক্ষ্য হবে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নৌপথে অবাধ নৌচলাচল বজায় রাখা।
যুক্তরাষ্ট্রের জন্য এই উদ্যোগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ওয়াশিংটন একদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার সম্ভাব্য পথ খুঁজছে, অন্যদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লন্ডনের এই বৈঠক যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে আগে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতা। ইতোমধ্যে কয়েকটি দেশকে নিয়ে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে একটি প্রতিরক্ষামূলক আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।
সূত্রগুলোর দাবি, ওমান, ইরান ও কাতারের মধ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র প্রতিদিন ইরানের দক্ষিণ উপকূলের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই নৌ নিরাপত্তা জোরদারের এই নতুন উদ্যোগ সামনে এলো।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে যায়। ফলে এ অঞ্চলে যেকোনো সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: এএনআই, অ্যাক্সিওস
ভিওডি বাংলা/আরআর/আ









মন্তব্য