বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মো. মামুন হাসান
সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শীর্ষ পদে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এসব নিয়োগের মধ্যে বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন মো. মামুন হাসান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সালাহ্উদ্দিন সরকার।
এ ছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাশেদুল হক। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে এ টি এম আবদুল বারী ড্যানীকে।
একইসঙ্গে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)।
অন্যদিকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হয়েছেন আবদুল খালেক। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শামসুজ্জামান (সুরুজ)। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে কাজী রওনাকুল ইসলাম (টিপু)কে।
এ ছাড়া বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো. জাকির সিদ্দিকি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মো. মামুন হাসান নিয়োগ পেয়েছেন।
পৃথক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথাও জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যোগদানের আগে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা থেকে অব্যাহতি নিতে হবে। যোগদানের তারিখ থেকে তাদের চুক্তির মেয়াদ কার্যকর হবে এবং তা এক বছর পর্যন্ত বলবৎ থাকবে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য