কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
রোববার (২১ জুলাই) কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম। আদালত অভিযোগ আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুলাই কাফি ও তার পরিবারের সদস্যরা বিদ্যালয়ের জমিতে ভেকু মেশিন নিয়ে প্রবেশ করে মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। বাধা দিতে গেলে প্রধান শিক্ষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নুরুজ্জামান কাফি। তার দাবি, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে জমির মালিকরা সুপ্রিম কোর্টের রায় পেয়েছেন এবং তিনি তাদের কাছ থেকে বায়না চুক্তির মাধ্যমে জমি কিনেছেন। মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পরই সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে।
কাফি আরও বলেন, ‘প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়নি, কথাও হয়নি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
ভিওডি বাংলা/তা








মন্তব্য