‘খেলা শেষ’ লিখে মেসিকে কী বার্তা দিলেন অমিতাভ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার হারে কেঁদেছেন বিশ্বের কোটি ফুটবলপ্রেমী ও মেসিভক্ত। সেই তালিকায় রয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনও। আর্জেন্টিনার হারের পর লিওনেল মেসির প্রতি সহানুভূতি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) ভোরে নিজের ব্যক্তিগত ব্লগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে অনুভূতি প্রকাশ করেন অমিতাভ।
ফুটবলপ্রেমী এই অভিনেতা লিখেছেন, ‘খেলা শেষ... স্পেন চ্যাম্পিয়ন, আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু... খুব কষ্টের। কিন্তু প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই একদিন এমন সময় আসে। একসময় বুঝতে হয়, তোমার থেকেও ভালো কেউ এসে গেছে। তাই তোমার প্রাপ্ত ভালোবাসাকে গ্রহণ করো, সেই গৌরবের স্মৃতিতেই শান্তি খুঁজে নাও।’
অমিতাভের এই বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, এটি শুধু একটি ম্যাচের হার নিয়ে মন্তব্য নয়; বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির দীর্ঘ, বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ।
রোববার মুম্বাইয়ের জালসা বাংলোর সামনে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। এরপর গভীর রাত পর্যন্ত জেগে উপভোগ করেন বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল। ম্যাচ শেষে আর আবেগ ধরে রাখতে পারেননি বলিউডের ‘শাহেনশাহ’।
ফুটবলের আবেগের পাশাপাশি ব্লগে একটি হৃদয়ছোঁয়া ঘটনাও ভাগ করে নেন অমিতাভ। ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় বৃষ্টির হাত থেকে বাঁচাতে একটি কুকুরকে রেনকোটে ঢেকে আনার ছবি প্রকাশ করেন তিনি।
ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘আর এই চ্যাম্পিয়নের কথা বলি... শুধু ভারতেই এমন দৃশ্য দেখা সম্ভব। বর্ষার বৃষ্টি থেকে বাঁচাতে তাকে পুরো ঢেকে আনা হয়েছিল। ও সেখানে কী করছিল, তা কেউ জানে না! উদ্ভাবনের আরেক নাম ভারত। ভালোবাসা রইল... এবার ঘুমোতে যাচ্ছি।’
বিশ্বকাপ ফাইনালের হতাশা, মেসির প্রতি শ্রদ্ধা আর এক টুকরো মানবিক মুহূর্ত—সব মিলিয়ে একই ব্লগে জীবনের দুই ভিন্ন রঙ তুলে ধরে আবারও ভক্তদের হৃদয় ছুঁয়েছেন অমিতাভ বচ্চন।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য