• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘এ’ সার্টিফিকেট নিয়েই আসছে ‘মির্জাপুর’

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ১২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওটিটি দুনিয়ার জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ এবার বড় পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’ নামে। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। কয়েক সপ্তাহ আগে প্রকাশিত টিজারেই রক্তাক্ত অ্যাকশন ও সহিংসতার ইঙ্গিত মিলেছিল। এবার ছবিটির সার্টিফিকেশন নিয়ে মুখ খুলেছেন পরিচালক গুরমিত সিং।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে গুরমিত সিং জানান, শুরু থেকেই ছবিটির জন্য ‘এ’ (অ্যাডাল্টস অনলি) সার্টিফিকেট পাওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছেন তারা।

তার ভাষায়, “আমরা সরাসরি ‘অ্যাডাল্টস অনলি’ সার্টিফিকেশনকেই লক্ষ্য করছি। এরপর অবশ্যই সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) নিজস্ব কিছু নির্দেশনা রয়েছে-ভাষা, সংলাপ ও উপস্থাপনা নিয়ে কী বলা যাবে আর কী যাবে না। সেসব বিষয় মাথায় রেখে আমরা সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি।”

পরিচালকের মতে, সময়ের সঙ্গে দর্শকদের রুচিতেও পরিবর্তন এসেছে। ‘অ্যানিমাল’, ‘ধুরন্ধর’-এর মতো সাম্প্রতিক কয়েকটি প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা বক্স অফিসে সফল হওয়ায় এ ধরনের গল্প এখন প্রেক্ষাগৃহেও গ্রহণযোগ্যতা পাচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয় দর্শক এখন অনেক পরিণত। ‘অ্যানিমাল’, ‘ধুরন্ধর’সহ সাম্প্রতিক বেশ কয়েকটি সিনেমা দেখিয়েছে যে প্রাপ্তবয়স্কদের গল্পও এখন প্রেক্ষাগৃহে জায়গা করে নিতে পারে। সেটিই আমাদের ‘মির্জাপুর: দ্য মুভি’কে কোনো ধরনের আপস না করেই বড় পর্দায় আনার পথ তৈরি করেছে।”

ছবির প্রধান চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল ও দিব্যেন্দু। এছাড়া অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, অভিষেক ব্যানার্জি, রসিকা দুগাল, মোহিত মালিক, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং, প্রমোদ পাঠক, শ্রিয়া পিলগাঁওকর, হর্ষিতা শেখর গৌর, শ্বেতা ত্রিপাঠী ও সোনাল এস চৌহান।

অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ। প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কাসিম জাগমাগিয়া ও বিশাল রামচান্দানি।

আগামী ৪ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তেলেগু ভাষাতেও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মির্জাপুর: দ্য মুভি’।
উল্লেখ্য, গুরমিত সিং এর আগে ‘ইনসাইড এজ’, ‘ফোন ভূত’ এবং ‘মির্জাপুর’ সিরিজের দুটি সিজন পরিচালনা করেছেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট
ছবি : সংগৃহীত
আগস্টেই প্রেক্ষাগৃহে আসছে সেতুপতির সিনেমা ‘ট্রেন’
ছবি : সংগৃহীত
পদত্যাগ করলেন কোয়েল মল্লিক