দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট

নতুন করে সংসার জীবন শুরু করতে যাচ্ছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, তার পাত্র সিঙ্গাপুরের ব্যবসায়ী উইলিয়াম ইসমাইল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিফার ও উইলিয়ামের গায়ে হলুদের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ভিডিওটি ঘিরে তাদের বিয়ের খবরও প্রকাশ্যে আসে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ জুলাই) ভারতে পারিবারিক আয়োজনে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাইরাল ভিডিওতে অনুষ্ঠানস্থল গাঁদা ফুল দিয়ে সাজানো এবং পেছনে ‘হালদি’ লেখা দেখা গেলেও নিরাপত্তার কারণে বর-কনেকে স্পষ্টভাবে দেখা যায়নি। তবে জেনিফারের ঘনিষ্ঠ সূত্র অনুষ্ঠানের সত্যতা নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আজ যুক্তরাজ্যের একটি গির্জায় খ্রিস্টান ধর্মীয় রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। বিয়ের জন্য জেনিফার ‘কার্লিও’ ব্র্যান্ডের একটি বিশেষভাবে তৈরি সাদা গাউন বেছে নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এটি জেনিফার উইঙ্গেটের দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে তিনি অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। তবে দুই বছর পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে করণ অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করলেও জেনিফার দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালে রেখে অভিনয় ক্যারিয়ারেই মনোযোগ দেন।
জেনিফারের নতুন সম্পর্কের খবরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও এখন পর্যন্ত তিনি বা উইলিয়াম ইসমাইল কেউই বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের আনুষ্ঠানিক ঘোষণা ও বিয়ের ছবি প্রকাশের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
ভিওডি বাংলা/তা








মন্তব্য