জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির

জুলাইয়ের শহীদ পরিবারের প্রত্যেককে ন্যূনতম এক কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, প্রথমত, প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা প্রদান করে তাদের আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের চিকিৎসকদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার বিস্তারিত নথিভুক্ত করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
দোয়া অনুষ্ঠানে এনসিপির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
অনুষ্ঠানের শেষ পর্বে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য