ভাইজানের ভবিষ্যদ্বাণী-‘একদিন তোমাদের বিচ্ছেদ হবে’

বলিউডের আলোচিত দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেমের গল্প অনেকদিনই ছিল পর্দার আড়ালে। প্রায় সাত বছর সম্পর্ক গোপন রাখলেও সেই গোপন প্রেম নাকি শুরুতেই ধরে ফেলেছিলেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।
সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর চ্যাট শো ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে নিজেদের প্রেমের শুরুর দিকের নানা অজানা গল্প শোনান সোনাক্ষী ও জাহির। সেখানেই উঠে আসে সালমান খানের একটি মজার কিন্তু চমকপ্রদ মন্তব্য।
সোনাক্ষীর ভাষ্য, তাদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হলেও দুজনই তা অস্বীকার করতেন। কিন্তু সালমান খান বিষয়টি প্রথম থেকেই বুঝে গিয়েছিলেন।
অভিনেত্রী বলেন, “আমাদের মধ্যে যে বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। সালমান তো বোকা নন, উনি সবই বুঝেছিলেন। যখনই জিজ্ঞেস করতেন, আমরা বলতাম— আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।”
এরপর একদিন সালমান খান তাদের উদ্দেশে বলেন, “দেখো, একদিন না একদিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি এসে কাঁদবে, ও এসে কাঁদবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। তাই কারও পক্ষ নিতে চাই না।”
সোনাক্ষীর দাবি, সেই কথা শুনে তারা দুজনই অবাক হয়ে গিয়েছিলেন। কারণ তখনই বুঝে যান, তাদের গোপন প্রেম ভাইজানের নজর এড়িয়ে যায়নি।
শুধু তাই নয়, পরে একটি ট্রেকিং সফরে জাহির ইকবালকে আলাদা করে ডেকেও সালমান খান নাকি একই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, “সবই কিন্তু বোঝা যাচ্ছে।” এরপর আর কোনো সন্দেহই ছিল না যে, তাদের সম্পর্কের খবর সালমান অনেক আগেই জেনে গিয়েছিলেন।
উল্লেখ্য, সালমান খানের একটি পার্টিতেই প্রথম পরিচয় হয় সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ২০২৪ সালের জুনে বিয়ের মাধ্যমে নতুন জীবনের সূচনা করেন এই তারকা জুটি।
ভিওডি বাংলা/তা








মন্তব্য