অর্থপাচার মামলা
কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১০ আগস্ট

ঢাকার বিশেষ জজ আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী এবং দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়েছে। আদালত আগামী ১০ আগস্ট নতুন শুনানির দিন নির্ধারণ করেছেন।
বুধবার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের নিয়মিত বিচারক ছুটিতে থাকায় নির্ধারিত দিনে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়নি। এর আগে গত ২৪ মে একই কারণে শুনানি মুলতবি করা হয়েছিল।
এই মামলার অপর আসামিরা হলেন- আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।
বুধবারের শুনানিতে কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। তবে বিচারকের অনুপস্থিতির কারণে মামলার কার্যক্রম এগোয়নি। পরে ভারপ্রাপ্ত বিচারক পরবর্তী শুনানির জন্য ১০ আগস্ট তারিখ ধার্য করেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আসাদুজ্জামান খান কামাল ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তদন্তে সংস্থাটি দাবি করেছে, তার বিরুদ্ধে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন ব্যাংকে থাকা ৯টি হিসাবের মাধ্যমে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন করা হয়েছে। দুদকের ভাষ্য, এসব লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও ঘুষের অর্থের উৎস গোপন কিংবা আড়াল করার উদ্দেশ্যে অর্থ স্থানান্তর, রূপান্তর বা হস্তান্তর করা হয়েছে, যা মানিলন্ডারিং আইনের আওতায় অপরাধ।
দুদক ২০২৪ সালের ৯ অক্টোবর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১৮ ডিসেম্বর আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী এবং দুই সন্তানকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, চার আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য