আজ পঞ্চদশ সংশোধনী আপিলের রায়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে ঘিরে করা বহুল আলোচিত আপিলের রায় বৃহস্পতিবার (৯ জুলাই) ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায় দেশের সাংবিধানিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের নজর এখন সর্বোচ্চ আদালতের দিকে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বিভিন্ন পরিবর্তনের বৈধতা নিয়ে করা আপিলের রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (৯ জুলাই) দিন নির্ধারণ করা হয়েছে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে।
এর আগে, গত ৬ জুলাই থেকে টানা তিন দিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায় ঘোষণার জন্য ৯ জুলাই দিন ধার্য করেন।
মামলার এ আপিলে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনানিতে আদালতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী শরীফ ভূঁইয়া এবং শিশির মনির।
গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এরপর এ বিষয়ে আপিল শুনানি শুরু হয়।
এর আগে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনটি পৃথক আপিল করা হয়। এর মধ্যে একটি করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি, আরেকটি করেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন। অপর আপিলটি করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য