• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৭:৩৭ পি.এম.
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়ার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়ার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবক সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মো. হানিফ মিয়া (২৫) উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের বাসিন্দা। তিনি হিরন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ছয় বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন হানিফ। জীবিকার তাগিদে বিদেশে থাকলেও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। সম্প্রতি ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মক্কার আল নাসিম এলাকায় মসজিদ আল রাজির সামনে এ দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। সৌদি আরবে থাকা পরিচিতজনদের মাধ্যমে প্রথমে খবরটি দেশে পৌঁছায়।

হানিফের মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের জানান আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া সুহেল। খবরটি ছড়িয়ে পড়তেই মাঝিগাছা গ্রামে নেমে আসে শোকের ছায়া। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা নিহতের বাড়িতে ভিড় করেন। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

নিহতের বোন সুমাইয়া আহাজারি করে বলেন, “আমার ভাই ছয় বছর ধরে বিদেশে ছিল। এই সময়ের মধ্যে একবারও তাকে সামনে থেকে দেখতে পারিনি। সে বলেছিল, খুব শিগগিরই দেশে ফিরবে। কিন্তু এখন সে লাশ হয়ে ফিরবে। আমাদের সংসার কীভাবে চলবে জানি না।”

পরিবার জানায়, হানিফই ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রায় এক দশক ধরে তার বাবা অসুস্থ থাকায় পরিবারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। বিদেশে কঠোর পরিশ্রম করে নিয়মিত অর্থ পাঠাতেন বাড়িতে। সেই টাকাতেই চলত সংসার, হতো বাবার চিকিৎসা।

স্থানীয়রা জানান, শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিলেন হানিফ। পরিবারের স্বপ্ন পূরণ এবং আর্থিক সংকট দূর করতেই অল্প বয়সে পাড়ি জমান সৌদি আরবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিহতের বাড়িতে যান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। একইসঙ্গে সংসদ সদস্যের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধা