• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টাঙ্গাইলে ৭ দিনে ৫ খুন

টাঙ্গাইল প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০৭:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের তিন উপজেলায় একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মাত্র সাত দিনের ব্যবধানে অন্তত পাঁচটি খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।

সবশেষ শনিবার ৪ জুলাই গভীর রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মুদি ব্যবসায়ী মাসুদ মিয়া (৪৮)। রোববার ৫ জুলাই সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুইজবাড়ি গ্রামের লাল মাহমুদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোরে বাজার এলাকায় মাসুদ মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ইউপি সদস্য ফরহাদ আলীকে বিষয়টি জানানো হলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এর আগে সখিপুর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পারভীন আক্তার নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করা হয়। গত ১ জুলাই বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটসংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হাতিবান্ধা গ্রামের মৃত হুমায়ুন খানের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলে ফাহাত ঢাকায় চাকরি করায় পারভীন আক্তার সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় একাই বসবাস করতেন।

এদিকে গত ২৯ জুন সোমবার সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়ি থেকে নাজমা আলম নাজু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন মোশারফ হোসেন ঋণের চাপে পড়ে চুরির উদ্দেশ্যে ওই গৃহবধূর স্বর্ণালংকার লুট করে এবং পরে শ্বাসরোধে হত্যা করে। গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অন্যদিকে নাগরপুর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি পাটক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। গত ১ জুলাই বুধবার দুপুরে সহবতপুর ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।

সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর মধ্যপাড়ায় গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সংঘর্ষে নিহত হন ছানোয়ার মিয়া। গত ২৮ জুন রোববার হামলার ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার তার মৃত্যু হয়। তিনি আবু হানিফের ছেলে।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, আমাদের বর্তমান সমাজে সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। এই অবক্ষয় রোধে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সচেতনতা ভীষণ প্রয়োজন, যা সমাজের তৃণমূল থেকে শিক্ষা নিতে হয়। তা ছাড়া বর্তমান প্রজন্ম বিভিন্ন মোবাইল ডিভাইসে অতিরিক্ত আসক্ত হওয়ার কারণেও সামাজিক মূল্যবোধের এক ধরনের বিপর্যয় ঘটছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আদিবুল ইসলাম বলেন, পারিবারিক শিক্ষার অভাবে বর্তমান সমাজে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। আগে সন্ধ্যা হলেই প্রতিটি অভিভাবক তাদের সন্তানদের খোঁজ নিতেন, যা এখন অনেকাংশে কমে গেছে। তরুণ প্রজন্ম মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে অপরাধের দিকে ঝুঁকছে। এই সামাজিক অবক্ষয় রোধে প্রত্যেক অভিভাবককে সচেতনভাবে সন্তানদের পারিবারিক শিক্ষা দিতে হবে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনি কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ। ফাইল ছবি। ছবি: ভিওডি বাংলা
ময়মনসিংহে বাসায় ঢুকে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
৪ মাস পর আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট
অভিযুক্ত জাকির হোসেন। ছবি: সংগৃহীত
৯৯৯-এ ফোন, শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১