অভিযানের নামে স্বর্ণ চুরি, কারাগারে দুই পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অভিযানের নামে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চার জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।
শনিবার (৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর সই করা অফিস আদেশে বলা হয়, ফতুল্লা থানার এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুই সোর্সকে সঙ্গে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের নামে সুমা আক্তারের বাড়িতে অভিযান চালান। এ সময় তারা স্বর্ণালংকার চুরি করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম, মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ২ জুলাই বিকেলে ফতুল্লার জামতলা এলাকায় সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালানোর সময় দুই পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা দুই সোর্সকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য