• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দীর্ঘ বিরতির পর আজ চালু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০৩:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-২০৮ ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জানা গেছে, যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের দাবির পর এ রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি হুমায়ুন কবির যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুটটি পুনরায় চালুর দাবি জানিয়ে স্মারকলিপি দেন। পরে ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকার গঠনের পর রুটটি পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন।

সংশ্লিষ্টদের দাবি, সরকার দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিক সমন্বয় করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বিত উদ্যোগে রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত কার্যকর হয়।

হুমায়ুন কবির বলেন, উত্তর ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ছিল ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনর্বহাল। রুটটি বন্ধ থাকায় বিশেষ করে সিলেটি প্রবাসীদের লন্ডন হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো, ফলে সময়, ব্যয় ও ভোগান্তি বেড়ে যায়।

তিনি আরও বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন। তার মতে, এটি শুধু একটি বিমানসেবা নয়; বরং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের মানুষের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে রুটটি পুনরায় চালু হয়েছে।

প্রবাসীদের উদ্দেশে হুমায়ুন কবির বলেন, প্রবাস জীবনের অভিজ্ঞতা থাকায় তিনি তাদের বাস্তবতা ও ভোগান্তি সম্পর্কে অবগত। তাই প্রবাসীদের যৌক্তিক দাবির পক্ষে অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

সংশ্লিষ্টদের মতে, সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পারিবারিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ডিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নতুন বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
আবদুস সালাম ‘জুলাই অভ্যুত্থান’ ব্যর্থ হলে বিএনপি নেতাদের ফাঁসি হতো
একসঙ্গে ৭ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
একসঙ্গে ৭ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে