ট্রলারসহ ৫ রোহিঙ্গা জেলেকে তুলে নিল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলের বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে আটক হয়েছেন পাঁচ রোহিঙ্গা জেলে। এ সময় তাদের ব্যবহৃত মাছ ধরার ট্রলারটিও নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রোববার (২৮ জুন) দুপুরের পর এ ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।
অপহৃত জেলেরা হলেন- মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে বসবাস করেন।
ইউএনও এস এম অনীক চৌধুরী জানান, টেকনাফসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেরা অসাবধানতাবশত মিয়ানমার সীমান্তঘেঁষা জলসীমায় প্রবেশ করেন। পরে আরাকান আর্মির সদস্যরা তাদের ট্রলারসহ আটক করে নিয়ে যায়।
তিনি আরও জানান, আটক জেলেদের উদ্ধারে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি আরাকান আর্মির তৎপরতা বেড়েছে। বিশেষ করে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে অপহরণের ঘটনায় জেলেপল্লিগুলোতে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য