• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৭৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ০১:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৭৫ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি  সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

রোববার (২৮ জুন) বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান ২০২৬ এ আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান পিবিজিএম, বিপিএম (সেবা) বিজিওএম, পিএসসি।

বিজিবি জানায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি এবং সদর কর্তৃক পরিচালিত অভিযানে ৪৮ জন আসামিসহ ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৭৫ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন প্রকার মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় নেশাজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯ পিস বিড়ি-সিগারেট, ৩৩ দশমিক ৪০০ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, ২ বোতল লিকুইড সীসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বট পাতা। এছাড়া দুর্লভ অধিক মূল্যের মাদকদ্রব্যের মধ্যে ছিল ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, ৮ দশমিক ৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং আফিম তৈরির ২০ বোতল কেমিক্যাল।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ও এসপি, পিএসসি স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া বক্তারা মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর অবস্থান গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। বিজিবি জানায় সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধার হওয়া প্রাণঘাতী মাদকদ্রব্য জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে নিয়মিতভাবে ধ্বংস করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাড়ছে নদীর পানি, ৭২ ঘণ্টায় বন্যার শঙ্কা
ছবি: ভিওডি বাংলা
ফেনীতে মাদকবিরোধী অভিযানে মারধরের অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য
ছবি: সংগৃহীত
জুলাই শহীদের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে