• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বৈশ্বিক অপরাধে কূটনৈতিক সহযোগিতা চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ০৫:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ, সাইবার জালিয়াতি ও মানব পাচারের মতো ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি মোকাবেলায় কূটনৈতিক সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে প্রথমবারের মতো কূটনৈতিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক একটি সমন্বয় সভার আয়োজন করেছে বাহিনীটি।

সোমবার (২৯ জুন) রাজধানীর একটি হোটেলে ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কোঅপারেশন, ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুলিশের কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।


সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন। প্রবন্ধে বলা হয়, বর্তমান বিশ্বে অপরাধের ধরন আগের তুলনায় আরও জটিল ও বিস্তৃত হয়েছে। সহিংস উগ্রবাদ, সংঘবদ্ধ অপরাধ, সাইবার ক্রাইম, ডিজিটাল প্রতারণা, মানব পাচার, অনলাইন জুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপরাধ, ডিপফেক এবং ভুলতথ্য এখন বৈশ্বিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এতে আরও উল্লেখ করা হয়, আধুনিক সংগঠিত অপরাধের বড় অংশ আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ফলে সীমান্তপারের লেনদেন, বিদেশি নাগরিক এবং একাধিক বিচারব্যবস্থার সম্পৃক্ততা থাকায় এসব অপরাধ মোকাবেলায় কূটনৈতিক অংশীদারিত্ব এখন অত্যাবশ্যক।

বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক সমন্বয় কাঠামোর আওতায় পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিজ অ্যাফেয়ার্স শাখা, এনসিবি, ইউএন অপারেশন শাখা, ডিএমপি, এসবি, সিআইডি, পিবিআই ও এটিইউ আন্তর্জাতিক তদন্তে নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছে বলেও সভায় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মুঃ নজরুল ইসলাম বিভিন্ন দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, বাংলাদেশ পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদারে একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় তথ্য বিনিময় ও আন্তঃদেশীয় সমন্বয় ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পাশাপাশি সাইবার ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম ও ট্রান্সন্যাশনাল অপরাধ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে কাজ করছে।

সভাপতির বক্তব্যে আইজিপি মোঃ আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থারও একটি নির্ভরযোগ্য অংশীদার। তিনি বলেন, “১৯৮৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশ পুলিশের অঙ্গীকারেরই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে কার্যকর পুলিশিং নির্ভর করে ফলপ্রসূ সহযোগিতা এবং কূটনৈতিক পর্যায়ে আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা ও সমন্বয়ের ওপর।”

আইজিপি জানান, বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন অপারেশনাল ও সেবাদানকারী ইউনিটের সঙ্গে সরাসরি যুক্ত করার মাধ্যমে দ্রুত যোগাযোগ ও কার্যকর সমন্বয় নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সভায় মূল প্রবন্ধের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মোঃ কামরুল আহসান, ডিআইজি তাপতুন নাসরীন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিদেশি কূটনীতিকরা বাংলাদেশ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সভায় মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম ও মানব পাচারের মতো অপরাধ মোকাবেলায় বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিনিময় ও সমন্বয় বৃদ্ধির সুপারিশ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা
সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতি দেন মির্জা ফখরুল। ছবি: ভিওডি বাংলা
বিরোধীদলের সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন: মির্জা ফখরুল
চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য দেন তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
নিমগাছের গল্প শুনিয়ে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী