১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন শুরু

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করার উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের নিবন্ধন কার্যক্রম আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে। দুই মাসব্যাপী চলা এই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে আগামী ৩১ আগস্ট।
রোববার (২৮ জুন) বাংলাদেশ অলিম্পিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিশু-কিশোরদের জাতীয় পর্যায়ে নিয়ে আসতেই এ আয়োজন করা হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। দেশের বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের আসরে প্রতিযোগিতার পরিধি আগের তুলনায় আরও বিস্তৃত করা হয়েছে। প্রথম আসরে উপজেলা দলগুলোর মধ্যে প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকলেও এবার প্রতিটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ের দল সরাসরি উপজেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।
খেলাধুলার তালিকাতেও এসেছে নতুন সংযোজন। আগের আসরের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সঙ্গে এবার যুক্ত হয়েছে টেবিল টেনিস ও ভলিবল। ফলে মোট ১০টি ডিসিপ্লিনে দেশের কিশোর ক্রীড়াবিদরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৮ জুলাই থেকে শুরু হবে। ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন চলবে ২৭ জুলাই পর্যন্ত।
দেশের ১০টি অঞ্চল থেকে বাছাই হওয়া কিশোর ও তরুণ অ্যাথলেটরা এই জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ জুলাই বিকেল ৩টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি জানিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভিওডি বাংলা/জা








মন্তব্য