• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিশুরা সুস্থ থাকলে দেশ ও ভবিষ্যৎ সুস্থ থাকবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ১২:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ছাত্র-ছাত্রীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজকের ছোট সোনামণিরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সুস্থ রাখতে সময়মতো টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, হামের টিকা সময়মতো দিতে পারলে অনেক শিশুকে হারাতে হতো না। অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে অসুস্থতা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রোববার (২৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে সমাজে মাদকের বিস্তারের পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারও এক ধরনের নেশায় পরিণত হয়েছে। মোবাইল ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার অপব্যবহারও করা যায়।

অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে শিশু-কিশোরদের চোখসহ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার না করে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

আবদুস সালাম বলেন, সুস্থ থাকতে হলে খেলাধুলা ও নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই। শারীরিকভাবে সুস্থ থাকলে মন ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব হবে।

তিনি আক্ষেপ করে বলেন, দেশের অনেক মেধাবী তরুণ বিদেশমুখী হচ্ছে। অথচ এই দেশ আমাদের জন্মভূমি। দেশের মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

তিনি কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজের প্রসঙ্গ তুলে বলেন, এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির আর্থিক সংকট রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। সংশ্লিষ্ট সবাই একসঙ্গে উদ্যোগ নিলে এবং সিটি করপোরেশন সহযোগিতা করলে প্রতিষ্ঠানটিকে আরও উন্নত করা সম্ভব হবে, যা এলাকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, আজকের শিশুরা বড় হয়ে ছোটদের সঠিক পথে পরিচালিত করবে। তাই এখন থেকেই তাদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শুধু নিজের শরীর বা ঘর নয়, নিজের রাস্তা, উঠান ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, বর্তমানে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত নগরীতে পরিণত হয়েছে। বায়ুদূষণ থেকে রক্ষা পেতে ব্যাপকভাবে গাছ লাগাতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ—সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু বাংলাদেশে নয়, ইউরোপেও স্পষ্ট। সম্প্রতি লন্ডনে গিয়ে তিনি অতীতের তুলনায় অস্বাভাবিক গরমের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, আল্লাহ যে প্রকৃতি মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষ সেই প্রকৃতির ওপর হস্তক্ষেপ করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ঢাকা শহরে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। বৃষ্টির পানি মাটিতে প্রবেশের সুযোগ না পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে খাল-বিল, পুকুর ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় পরিবেশ আরও ঝুঁকির মুখে পড়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকার পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, সেটিও উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল-বিল ও জলাশয় পুনরুদ্ধার, বর্ষার পানি সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একসময় খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে কৃষিকাজে ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদী ও খালের পানি ব্যবহার করা যায়। কিন্তু বর্তমানে নদী-খালও শুকিয়ে যাচ্ছে। তাই নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ছাত্রজীবনেই তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। দেশকে ভালোবাসতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে তিনি কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়ের জন্য দুই লাখ টাকা অনুদান ঘোষণা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

বক্তব্যের শেষে তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
‘হাসপাতাল বন্ধ নিয়ে প্রচারিত বক্তব্যের সঙ্গে সম্পৃক্ত নয় আদ্-দ্বীন’