• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, তোপের মুখে ছাত্রদল নেতাকর্মী

পটুয়াখালী প্রতিনিধি    ২৮ জুন ২০২৬, ০১:৫৬ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ওই সাংবাদিককে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছবাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।

আহত মোয়াজ্জেম হোসেন (৪০) স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকা-এর কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মোয়াজ্জেম হোসেন জানান, রাত ৮টার দিকে তিনি একটি মোবাইল ফোন মেরামতের দোকানে বসে ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলালের নেতৃত্বে ৭ থেকে ৮ জন তাকে লক্ষ্য করে দুই দফা হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

মোয়াজ্জেম হোসেনের দাবি, গত ২১ জুন শহরের স্লুইস এলাকায় তার বোনের বাড়িতে হামলার একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই ঘটনার জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানি লোকমান বলেন, তার দোকান থেকে টেনে বাইরে নিয়ে মোয়াজ্জেম হোসেনকে মারধর করা হয়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীদের থামাতে পারেননি।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে কথা বলতে রাজি হননি।

তবে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলাল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এলএলবি পরীক্ষায় অংশ নিতে সারাদিন বরিশালে ছিলেন। সন্ধ্যার পর এলাকায় ফিরে ঘটনাটি জানতে পারেন। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে হামলার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও উল্লেখ করেন।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার জানান, তিনি আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেছেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযানের অংশ হিসেবে র‌্যালি বের করা হয়। ছবি: সংগৃহীত
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক অভিযান
ছবি: ভিওডি বাংলা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইবির আরবি বিভাগের সংবর্ধনা
ছবি: ভিওডি বাংলা
পাগলির মেলা—শত বছরের ঐতিহ্যের গল্প