সিগারেট খেতে বাধা, ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলি

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রকাশ্যে ধূমপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও চৌরাস্তায় এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাঈম হাসান (২৩) ও ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিক (২১) গুরুতর আহত হন। তাদের প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নাঈমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া আহত আরও চারজন বর্তমানে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন কিশোর ও তরুণকে প্রকাশ্যে সিগারেট খেতে দেখে ছাত্রদল নেতা নাঈম হাসান ও তার সহযোগীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার রাতে একদল যুবক নোয়াগাঁও চৌরাস্তায় এসে ছাত্রদল নেতা-কর্মীদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান অভিযোগ করেন, ধূমপানে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধূমপানকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য