• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই

ভিওডি বাংলা ডেস্ক    ২২ জুন ২০২৬, ০১:০৪ এ.এম.
ফাইল ছবি

দেশের ব্যবসা ও নারী উদ্যোক্তা খাতে এক উজ্জ্বল নাম সেলিমা আহমাদ আর নেই। বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেত্রী ও সাবেক সংসদ সদস্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সেলিমা আহমাদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগামী মঙ্গলবার তার মরদেহ দেশে আনা হবে বলে পরিবার জানিয়েছে।

সেলিমা আহমাদ দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরিতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দেশের নারী উদ্যোক্তাদের সংগঠিত করতে অগ্রণী ভূমিকা রাখেন। নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রশিক্ষণ ও বাজারসুবিধা নিশ্চিত করতেও তিনি কাজ করেছেন। তার নেতৃত্বে হাজারো নারী ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন।

রাজনীতিতেও সক্রিয় ছিলেন সেলিমা আহমাদ। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

ব্যবসা ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি আন্তর্জাতিক অঙ্গনের মর্যাদাপূর্ণ ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ অর্জন করেন। সামাজিক মূল্যবোধ, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

তার মৃত্যুতে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, নারী উদ্যোক্তা সংগঠন এবং রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, নারী উদ্যোক্তা বিকাশে সেলিমা আহমাদের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সেলিমা আহমাদের মৃত্যুতে দেশ হারালো একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তা, নারী নেতৃত্বের অগ্রদূত এবং সমাজ উন্নয়নে নিবেদিতপ্রাণ সংগঠককে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার কি প্রত্যাবর্তন হতে পারে
শেখ হাসিনার কি প্রত্যাবর্তন হতে পারে
২৩ জুন আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা ছাত্রদল নেতা আউয়ালের
২৩ জুন আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা ছাত্রদল নেতা আউয়ালের
‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে’
‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে’